শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৮৯ বার পঠিত

“ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চলো সবাই খেলতে চলো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে মাগুরা জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলা বাসীর উদ্যোগে আয়োজিত এ ম্যাচের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাকেল নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্প্রীতির এই ফুটবল ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশের মুখোমুখি হয় শ্রীপুর ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দর্শকদের উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়। মাঠজুড়ে ছিল বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা। বাংলাদেশ বেতারের খ্যাতিমান ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় খেলাটির প্রাণবন্ত ধারাবিবরণী প্রদান করেন, যা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ বলেন, “মাদক প্রতিরোধ, গ্রামীণ সম্প্রীতি জোরদার, দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের সম্প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং সামাজিক সমস্যা মোকাবিলায় জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।”
খেলাটি পরিচালনা করেন রেফারি সাদ্দাম হোসেন গোকী। আয়োজকরা জানান, সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়াচর্চা বৃদ্ধি করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


























