৪৮৩৭ পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
- আপডেট সময় : ১০:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ৬৮ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রিজ এলাকা থেকে দুই বাসযাত্রীকে প্রায় ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। রোববার (১৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আক্তারুল ইসলাম এবং যশোর সদর উপজেলার দোহাকুল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে রোকনুজ্জামান।
বিজিবি সূত্রে জানা যায়, একটি বাসে করে ইয়াবা ট্যাবলেট পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
























