অভয়নগরে দুই দিনব্যাপী মতুয়া মহা সম্মেলন
- আপডেট সময় : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ৭১ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী ধোপাপাড়া গ্রামবাসীর উদ্যোগে দুই দিনব্যাপী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাপাড়া সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম দিনে অধিবাস এবং দ্বিতীয় দিনে ৩৬টি মতুয়া দলের অংশগ্রহণে ডঙ্কা, কাশি ও নিশানসহ হরি উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও মঙ্গল আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া শ্রী অসীম পাল, যিনি নড়াইল জেলা শ্রীশ্রী হরি গুরুচাঁদ মিশনের সঙ্গে সম্পৃক্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুরুচাঁদ মতুয়া মিশনের জেলা নেতা শ্রী গৌতম কুমার বিশ্বাস।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গুরুচাঁদ মতুয়া মিশনের অভয়নগর শাখার সভাপতি মতুয়া শ্রী তন্ময় সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর শাখার সাধারণ সম্পাদক মতুয়া শ্রী প্রদীপ মন্ডল, উপজেলা নেতা মতুয়া শ্রী মিঠুন সাহা ও মাধব মন্ডল, জেলা সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন মন্ডল, অমর বিশ্বাস, টুটুল সরকার এবং উজ্জ্বল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মতুয়া ধর্মের আদর্শ, মানবকল্যাণ, সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রীশ্রী হরি ও গুরুচাঁদের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। সম্মেলনে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩৬টি মতুয়া দল অংশগ্রহণ করে। দিনব্যাপী হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
























