জুলাইয়ে হচ্ছে না নতুন পে-স্কেলের গেজেট
- আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৯৫ বার পঠিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) সংক্রান্ত গেজেট চলতি জুলাই মাসে প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক প্রস্তুতি এবং সফটওয়্যার সংক্রান্ত জটিলতার কারণে গেজেট প্রকাশ পিছিয়ে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যদিও চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন, বাস্তবে সেই সময়সূচি অনুসরণ করা সম্ভব হচ্ছে না।
অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নতুন পে-স্কেলের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের লক্ষ্য আর্থিক সক্ষমতা, প্রশাসনিক বাস্তবতা এবং বিদ্যমান ডিজিটাল বেতন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে গেজেট জারি করা। এ কারণেই নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্ব হচ্ছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গেজেট প্রকাশে দেরি হলেও নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ১ জুলাই থেকেই ধরা হতে পারে। সে ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার সুযোগ পাবেন।
গেজেট প্রকাশে বিলম্বের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে সরকারি আর্থিক ব্যবস্থাপনার ডিজিটাল কাঠামো। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি এবং জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) সংক্রান্ত সব কার্যক্রম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ও আইবাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন বেতন যদি একাধিক ধাপে কার্যকর করা হয়, তাহলে সফটওয়্যারে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। একই কর্মচারীর জন্য একাধিকবার পে-ফিক্সেশন করতে হবে, যা প্রশাসনিক জটিলতা ও কারিগরি ঝুঁকি বাড়াবে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, “আগের মতো হাতে বেতন নির্ধারণের সুযোগ এখন আর নেই। ধাপে ধাপে মূল বেতন কার্যকর হলে একই কর্মচারীর জন্য বারবার পে-ফিক্সেশন করতে হবে। এতে সফটওয়্যার পরিবর্তন, প্রশাসনিক জটিলতা এবং ভুল হওয়ার আশঙ্কা বাড়বে।”
তিনি আরও বলেন, পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং অবসরজনিত সুবিধা নির্ধারণেও জটিলতা তৈরি হতে পারে।
গেজেট প্রকাশে বিলম্বের কারণে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন অবসরের দ্বারপ্রান্তে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কারণ, তাদের পেনশন, গ্র্যাচুইটি, ছুটির নগদায়নসহ অধিকাংশ আর্থিক সুবিধা শেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়। ডিজিটাল ব্যবস্থায় পরবর্তী সময়ে ধাপে ধাপে অবসরকালীন সুবিধা সমন্বয় করা জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে আব্দুল মালেক প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করে পে-ফিক্সেশন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, পরে পর্যায়ক্রমে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা যুক্ত করা হলে সফটওয়্যারের ওপর চাপ কমবে এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বৈষম্যের আশঙ্কাও থাকবে না।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব, সফটওয়্যারের সক্ষমতা এবং প্রশাসনিক বিষয়গুলো বর্তমানে উচ্চপর্যায়ের সচিব কমিটি পর্যালোচনা করছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির উদ্যোগ সময়োপযোগী। তবে বেতন বৃদ্ধি কার্যকর হলে বাজারে মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপ সৃষ্টি হতে পারে। তাই বেতন বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
























