শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য
- আপডেট সময় : ০৯:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৬০ বার পঠিত

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের রায় কার্যকরের জন্য সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার কথা বলা হয়েছে। তিনি দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আদালতের রায় হয়েছে এবং সরকারকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে।
শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কার মাধ্যমে ফিরবেন কিংবা তিনি আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয় বাংলাদেশ সরকারকেই নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দায়িত্বও সরকারের বলে উল্লেখ করেন।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলগতভাবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা যাচ্ছে। তার মতে, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় দলটির বিচারও হওয়া উচিত।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্ত অনেকটাই দিল্লির ওপর নির্ভরশীল। তাই তার দেশে ফেরা কিংবা বিচারসংক্রান্ত বিষয় ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে জনগণ তা মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























