বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত
- আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৪৫ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য বিতরণ করেন।
শনিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। পাশাপাশি বন্যাকবলিত মানুষের জন্য ২০০ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
এর আগে শুক্রবার চট্টগ্রামে পৌঁছে প্রতিমন্ত্রী সার্কিট হাউসে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি এবং করণীয় বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সভা শেষে তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্গত এলাকার মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
























