বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৩৬ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলায় নাশকতার একটি মামলায় জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাঙ্গুড়া আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল কুমার আঢ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার কমলাপুর বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার সকালে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে খাজুরার ভাটার আমতলা এলাকায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেন বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর।
মামলায় উপজেলা আওয়ামী লীগের ৩০৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পুলিশ জানায়, মামলার তদন্তে নিখিল কুমার আঢ্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে ভিটাবল্লা পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, “নাশকতা মামলার আসামি নিখিল কুমার আঢ্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তবে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত নিখিল কুমার আঢ্য বা তাঁর আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
























