মনিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের অর্ধপচা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১২ বার পঠিত

যশোরের মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২২) নামে এক ইজিবাইক/ইঞ্জিনচালিত ভ্যানচালকের অর্ধপচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহাসিন মোল্যা উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।
স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে মহাসিন তাঁর ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার আগে শয়লা বাজারে বড় ভাই মিলন মোল্যার সঙ্গে তাঁর শেষ দেখা হয়। এ সময় তিনি একটি ‘বড় ভাড়া’ পেয়েছেন বলে জানিয়ে চলে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ না মেলায় বুধবার মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বৃহস্পতিবার সকালে রামপুর ঘাট এলাকায় পারখাজুরা বাঁওড়ে মহাসিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও তাঁর স্বজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তাঁর ইঞ্জিনচালিত ভ্যান এবং সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মরদেহটি বাঁওড়ে ফেলে দেওয়া হয়। সেখান থেকে ভেসে এসে একটি বাঁশঝাড়ে আটকে গেলে স্থানীয়দের নজরে আসে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, “বাঁওড় থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন শনাক্ত করা যায়নি। নিখোঁজ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং ভ্যান উদ্ধারে তদন্ত অব্যাহত রেখেছে।


























