এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৫৬ বার পঠিত

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে চারটি দল সরাসরি নকআউট পর্বে খেলবে, আর বাকি ছয়টি দল প্রথম রাউন্ডে লড়াই করে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ পাবে।
প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। সব ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, নারী ক্রিকেট ইভেন্ট শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ভারতের প্রতিপক্ষ জাপান, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড। নারী বিভাগে মোট আটটি দল অংশ নেবে। প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। পুরুষ ও নারী—উভয় বিভাগের সব ম্যাচই জাপানের নাগোয়া শহরে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও নারী—উভয় বিভাগের স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আর নারীদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতীয় দল।
























