শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী
নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসব
- আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৫৪ বার পঠিত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’। শুক্রবার (২৮ আগস্ট) সকালে শহরের সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়।
সকাল ১০টার দিকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিশু অংশ নেয়। শিশুদের রঙতুলিতে উঠে আসে বাংলাদেশের জাতীয় পতাকা, ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ জীবন, নৌকাবাইচ ও চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতিকৃতিসহ নানা বিষয়।
একই সঙ্গে সাংবাদিক, শিক্ষার্থী, সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে ‘আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে। এতে নড়াইলের প্রকৃতি, মানুষ, ঐতিহ্য ও সংস্কৃতির নানা চিত্র স্থান পেয়েছে।
এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্যসচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমান ও নাজমুল হাসান লিজাসহ সুলতানপ্রেমীরা।
আয়োজকেরা জানান, দু’দিনব্যাপী উৎসবে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে পরিচিত এই শিল্পীকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাহিত করা হয়েছে।
























