গুলিবিদ্ধ শিশু; আতঙ্কে ক্যাম্পবাসী
আবারও অশান্ত রোহিঙ্গা ক্যাম্প
- আপডেট সময় : ১০:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৬৪ বার পঠিত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ইতে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ক্যাম্পের বি-৪০ ও বি-৪১ ব্লকে গুলিবর্ষণের ঘটনায় প্রায় ছয় বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, তার অবস্থা সংকটাপন্ন।
গুলিবিদ্ধ শিশুটির নাম মো. ইউসুফ। সে বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলম ও তাহারা দম্পতির ছেলে। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, বিকেলে হঠাৎ ওই দুই ব্লকে গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় ইউসুফ গুলিবিদ্ধ হয়।
স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংঘাতের জেরে এ গোলাগুলি হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গোলাগুলির ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁদের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্পে দিনের বেলায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ক্যাম্পে বসবাসকারী শিশু, নারী ও বয়স্কসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। তাঁরা ক্যাম্পে যেকোনো ধরনের সশস্ত্র তৎপরতা ও সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে গুলিবর্ষণের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্যাম্পে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক সশস্ত্র তৎপরতার ওপর নজরদারি বৃদ্ধি এবং সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
























