শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬
ঝিকরগাছায় টাইব্রেকারে শংকরপুরের জয়
- আপডেট সময় : ০৮:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে বাঁকড়া ইউনিয়ন একাদশকে ৫-৪ গোলে হারিয়ে জয় পেয়েছে শংকরপুর ইউনিয়ন একাদশ।
হাজারো দর্শকে পরিপূর্ণ ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বাঁকড়া ইউনিয়ন একাদশ। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় ৮ নম্বর জার্সি পরিহিত তানিম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিটে শংকরপুর ইউনিয়ন একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত আতিক দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ের খেলায় আর কোনো গোল না হওয়ায় রেফারি অতিরিক্ত সময় দেন। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে বাঁকড়া ইউনিয়ন একাদশকে হারিয়ে জয় নিশ্চিত করে শংকরপুর ইউনিয়ন একাদশ।
ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শংকরপুর ইউনিয়ন একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত আতিক। খেলা শেষে তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কর কমিশনার ও ঝিকরগাছার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মো. মনজুরুল আলম নিশান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ কৃতি ফুটবলার আলিমুল কাদির কিসলু। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সহ-সভাপতি আব্দুল গনি মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আগামী ১৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে শিমুলিয়া ইউনিয়ন একাদশ ও ঝিকরগাছা ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে।























