ঝিকরগাছায় এডহক কমিটি নিয়ে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
- আপডেট সময় : ০৪:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পরিপত্রের বিধি-বিধান উপেক্ষা করে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে, এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। এর প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণের সড়কে স্থানীয় অভিভাবক ও গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিওরদাহ বাজারের প্রধান সড়কে ঝাড়ু মিছিল বের করা হয়। এতে বিদ্যালয়ের অভিভাবক, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট ব্যক্তি, শিক্ষানুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনগণের মতামত এবং প্রচলিত বিধি-বিধান উপেক্ষা করে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দাবি, এ ধরনের নিয়োগের ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা বলেন, বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট পরিপত্র ও বিধিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এডহক কমিটি গঠন করতে হবে। তারা বিতর্কিত নিয়োগ বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
মানববন্ধনের আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাখোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমামুল রহমান। শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি সুমন কবির, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা মুকুল হোসেন, আজগর আলী, সাবিনা বেগম, আবেদা বেগম, খাদিজা আক্তার ও লাবনী বেগমসহ অনেকে।
বিদ্যালয়ের রেজুলেশন সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর মো. শাহজালাল, মেহেদী হাসান ও ইমাম হাসান এই তিনজনের নাম এডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। তবে ওই তিনজনকে বাদ দিয়ে আশরাফুজ্জামানকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, গত ২৭ আগস্ট যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নে আশরাফুজ্জামানের নাম রয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।
এ বিষয়ে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমার বলেন, আমি রেজুলেশনের মাধ্যমে যে তিনজনের নাম প্রস্তাব করেছিলাম, তাদের মধ্যে কেউ সভাপতি মনোনীত হননি। বর্তমান এডহক কমিটির সভাপতি আশরাফুজ্জামান কীভাবে মনোনীত হয়েছেন, সে বিষয়ে আমি অবগত নই।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। এ বিষয়ে এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।
পরে বিক্ষোভকারীরা বিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে ঝাড়ু মিছিল করেন। কর্মসূচি থেকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
























