সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি
- আপডেট সময় : ০৫:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার শুরু হওয়া এ কর্মসূচি শনিবার পর্যন্ত চলবে। পরবর্তী সময়ে আরও পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করা তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
এর ধারাবাহিকতায় সাতক্ষীরায় সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসএম মহসিন আলমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা সদর থানার ভেতরের ড্রেন, শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় কর্মসূচির আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কর্মসূচিতে এসএম মহসিন আলম বলেন, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা প্লাস্টিকের বোতলে জমে থাকা সামান্য পানিতেও এডিস মশা ডিম পাড়তে পারে। সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী আমাদের এই সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। চারপাশ পরিষ্কার রাখা এবং সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ প্রচারণার মাধ্যমে সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দেওয়া হবে। এ সময় মাইকিং, লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।





















