স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার ১২ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৮৮ বার পঠিত

যশোরের মণিরামপুরে স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার ১২ দিনের মাথায় আব্দুল্লাহ মিথুন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিথুন ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মিথুন নিজে উপস্থিত থেকে স্ত্রী সাথীকে (২৬) তার বন্ধু ও মালয়েশিয়া প্রবাসী সুমনের সঙ্গে বিয়ে দেন। এমনকি ওই বিয়ের কাবিননামায় সাক্ষী হিসেবেও স্বাক্ষর করেন তিনি। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই মধ্যে মিথুনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, স্বামী ও দুই সন্তান থাকা অবস্থায় সাথীর সঙ্গে সুমনের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মিথুন জানতে পেরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দুই সন্তানের কথা চিন্তা করে সুমনের সঙ্গে স্ত্রীর বিয়ে দেন তিনি।
নিহতের চাচা এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, সাথী ১৫ থেকে ২০ দিন আগে সুমনকে বিয়ে করেন। এরপর সুমনের পরামর্শে সাথী মিথুনকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে তাদের ধারণা। এ ঘটনায় সুমন ও সাথীর বিচার দাবি করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১০ বছর আগে মণিরামপুর উপজেলার মধুপুর গ্রামের সাথীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মিথুনের। তাদের সংসারে ৬ বছর ও ৪ বছর বয়সী দুই ছেলে রয়েছে। নির্মাণশ্রমিক হিসেবে কাজ করা মিথুনের সংসার ভালোই চলছিল বলে জানান স্বজনরা।
মিথুনের বন্ধু ও প্রতিবেশী সুমনের সঙ্গে তার ছোটবেলা থেকেই বন্ধুত্ব ছিল। চার বছর আগে সুমন মালয়েশিয়ায় চলে যান। পরে দেশে এসে কয়েকদিন অবস্থান করে প্রায় তিন মাস আগে আবারও মালয়েশিয়ায় চলে যান। স্থানীয়দের ভাষ্য, এ সময় সুমনের সঙ্গে সাথীর ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয় বলে অভিযোগ।
মিথুনের মা রওশনারা অভিযোগ করেন, তার ছেলেকে স্ত্রী মানসিকভাবে চাপ দিতেন। রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে সাথী দৌড়ে এসে জানান, মিথুন আত্মহত্যা করেছেন। তবে তার ধারণা, গলায় গামছা পেঁচিয়ে মিথুনকে হত্যা করে পরে বারান্দার আড়ার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেশীদের একজন জানান, মিথুনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা বাড়িতে ছুটে গেলে সাথী মরদেহ রেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে দরজা ভেঙে তাকে বের করে আনা হয়।
মিথুনের ঘনিষ্ঠ বন্ধু ও পল্লিচিকিৎসক মুবাসসের আল মুবিন বলেন, তিন দিন আগে মিথুনের সঙ্গে তার দেখা হয়েছিল। তখন তাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছিল। একপর্যায়ে তিনি একটি নম্বরে ফোন করে কান্নাকাটি ও ক্ষমা চাইছিলেন। মুবাসসেরের ভাষ্য, মিথুন তাকে বলেছিলেন, ‘বন্ধু, আমি একটা ভুল করে ফেলেছি। আমি আমার স্ত্রীকে নিজে উপস্থিত থেকে অন্য স্থানে বিয়ে দিয়েছি।’
মুবাসসের আরও বলেন, মিথুন জানিয়েছিলেন, তাকে বাসা থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল এবং সাথী তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করেছেন। দুই ছেলের কথা চিন্তা করেই তিনি স্ত্রীকে অন্যত্র বিয়ে দিয়েছেন বলেও মিথুন জানিয়েছিলেন। ওই সময় বিভিন্ন নম্বরে ফোন করে মিথুন ক্ষমা চাইছিলেন এবং ‘আমি বাঁচব না’ বলছিলেন বলে দাবি করেন মুবাসসের।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাথী। তার দাবি, কয়েক দিন আগে মিথুন নিজেই সুমনকে ফোন করে স্ত্রী ও সন্তানদের দায়িত্ব নেওয়ার কথা বলেন। সুমন প্রথমে রাজি না হলেও মিথুনের চাপের মুখে রাজি হন। পরে মিথুন তাকে শপথ করিয়ে সুমনকে বিয়ে করতে বাধ্য করেন।
সাথী বলেন, গত ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে কথা হয়। তিনি বিয়েতে রাজি ছিলেন না। পরে ১৬ সেপ্টেম্বর নওয়াপাড়ার ধোপাদি এলাকার একটি কাজী অফিসে নিয়ে সুমনের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। ওই কাবিননামায় মিথুন নিজেই সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন বলে দাবি করেন তিনি।
সাথীর ভাষ্য, রোববার রাতে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তার বাবাকে সবকিছু জানাতে চাইলে মিথুন গলায় গামছা জড়িয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
এদিকে সুমন মালয়েশিয়ায় থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভগ্নিপতি রাকিব হোসেন বলেন, মিথুনের মৃত্যুর পর তারা বিষয়টি জানতে পারেন। পরে সুমনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, আব্দুল্লাহ ও সুমনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের স্ত্রী অন্য একটি বিয়ে করেছেন এ বিষয়টিও পুলিশ জানতে পেরেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো এজাহার না দেওয়ায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়েছে। নিহতের স্বজনরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মণিরামপুর থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
























