দলিল লেখক সমিতির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাজ্জাদ খান
- আপডেট সময় : ০৮:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পঠিত

আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট সাজ্জাদ আলম খান সজল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নড়াইল সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে উপস্থিত হয়ে তিনি নির্বাচন পরিচালনা কমিটির কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোস্তাক আলী, উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাঈদ উদ্দিন আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামীম আকবর খান, সদস্য মশিয়ার রহমান মোল্লা এবং দৈনিক ঘোষণার খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি সুমন চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা।
জেলা সমবায় অফিসারের অফিস আদেশ অনুযায়ী নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্যসহ মোট ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ১৩ অক্টোবর। আগামী ২২ অক্টোবর ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাজ্জাদ আলম খান সজল উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দলিল লেখকদের দীর্ঘদিনের নানামুখী জটিলতা ও বৈষম্য দূর করার অঙ্গীকারের কথা জানান।
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কয়েকজন ভোটার তাকে সভাপতি পদে নির্বাচিত করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে সাজ্জাদ আলম খান সজলের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
















