সতীঘাটা কামালপুরে গোয়ালঘরের তালা ভেঙে ২টি গরু চুরি
- আপডেট সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪১ বার পঠিত

যশোর সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামে গোয়ালঘরের তালা ভেঙে আজগর আলী মাস্টারের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর গোয়ালঘরে থাকা দুটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গরুর মালিক আজগর আলী মাস্টার জানান, তাঁর গোয়ালঘরে একটি গাভি ও একটি এঁড়ে গরু ছিল। প্রতিদিনের মতো ঘটনার দিন রাত ১২টার দিকে গরু দুটিকে খাবার দিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।
পরে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে চোরচক্র গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকায় চুরি প্রতিরোধে প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


























