বেনাপোল বন্দরে চালান আটকে হয়রানির অভিযোগ সিঅ্যান্ডএফ এজেন্টের
- আপডেট সময় : ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭২ বার পঠিত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ৫৭৯ প্যাকেজের একটি আমদানি চালান সাময়িকভাবে আটকে রাখাকে কেন্দ্র করে সিঅ্যান্ডএফ এজেন্টের পক্ষ থেকে হয়রানির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আমিন উদ্দিন ট্রেডার্সের দাবি, নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই চালানটি আটকে রেখে কার্টন কাটাসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, চালানটি বর্তমানে পরীক্ষাধীন। ঘোষণার বাইরে বা অতিরিক্ত কোনো পণ্য রয়েছে কি না, তা যাচাই করতেই এ পরীক্ষা করা হচ্ছে।
সংশ্লিষ্ট নথি ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের রাওল্যান্ড ইন্টারন্যাশনাল থেকে ঢাকার আহমেদ ট্রেডার্সের নামে চালানটি বেনাপোল বন্দরে আসে। চালানটির বিল অব এন্ট্রির তারিখ ২৩ সেপ্টেম্বর এবং প্যাকিং লিস্টের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। এতে মোট ৫৭৯ প্যাকেজ পণ্য রয়েছে। নথি অনুযায়ী, চালানটির নিট ওজন ২৮ হাজার ৩৩০ দশমিক ১০ কেজি এবং গ্রস ওজন ৩০ হাজার ৪৫৬ দশমিক ১০ কেজি।
চালানটিতে সিনথেটিক ফেব্রিকস, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ক্যাপাসিটর, ক্যালসিয়াম কার্বোনেট, চুমকি-পুঁতি, চিরুনি, গ্রাস বিডস, হার্ডওয়্যার ব্রাশ, প্রিন্টিং ইঙ্ক, ইনভার্টার (আইপিএস), আয়রন বার, জুয়েলারি পার্টস, জুট মিল পার্টস, কিচেনওয়্যার, লেস, নিট ফেব্রিকস, রেজিন, স্পেয়ার পার্টস, স্পোর্টস গুডস ও জিংক ইনগটসহ বিভিন্ন পণ্য থাকার কথা উল্লেখ করা হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মচারী তৌহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমদানিকারকের পণ্য খালাসের দায়িত্ব পাওয়ার পর ভারত থেকে চালানটি বেনাপোল বন্দরে আসে। এরপর কাস্টমসের পক্ষ থেকে চালানটি আটকে রেখে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে। এতে পণ্যের প্যাকেজিং ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আমদানিকারকের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন তিনি।
তবে বেনাপোল কাস্টমস ও গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চালানটিতে ঘোষণাবহির্ভূত বা অতিরিক্ত কোনো পণ্য রয়েছে কি না, তা যাচাই করতেই চালানটি পরীক্ষার আওতায় নেওয়া হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বেনাপোল বন্দরের ৪১ নম্বর শেডে চালানটি সাময়িকভাবে আটকে পরীক্ষা শুরু করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের এক কর্মকর্তা বলেন, বেনাপোল বন্দর ব্যবহার করে কেউ যাতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য বের করে নিতে না পারে, সে বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ সর্বক্ষণ নজরদারি করছে। অতীতেও ঘোষণাবহির্ভূত পণ্য আমদানি, শুল্ক ফাঁকি ও বিভিন্ন ধরনের কারসাজির ঘটনা ধরা পড়েছে। তাই প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা শেষ হওয়ার আগে চালানটিতে ঘোষণার বাইরে কোনো পণ্য রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পরই চালানের ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তবে থাকা পণ্যের কোনো অমিল, অতিরিক্ত পণ্য বা অন্য কোনো অনিয়ম রয়েছে কি না, তা স্পষ্ট হবে।
























