আকাশে ড্রোন, নদীপথে চিরুনি অভিযান
সুন্দরবনে পাঁচ দিন ধরে নিখোঁজ ২১ জেলে
- আপডেট সময় : ১১:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪ বার পঠিত

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ২১ জেলে। গভীর বনের কোথায় তারা আছেন, কেমন আছেন, এখনো নিশ্চিত কোনো খবর নেই স্বজনদের কাছে। প্রতিটি দিন কাটছে উৎকণ্ঠায়। ফোন বেজে উঠলেই স্বজনদের মনে হয়, হয়তো এবার মিলবে প্রিয় মানুষটির খবর। কিন্তু অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।
অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের আকাশে ড্রোন উড়িয়ে অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি নদীপথে চলছে চিরুনি অভিযান। তবে বুধবার রাত পর্যন্ত নিখোঁজ ২১ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে কয়েকজন মহাজন দস্যুদের সঙ্গে গোপনে যোগাযোগ করে জেলেদের মুক্তির চেষ্টা করছেন বলে জানা গেছে। মুক্তিপণ নিয়ে চলছে দর-কষাকষিও।
সংশ্লিষ্টদের ভাষ্য, গত শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমড়বাড়িয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে ২১ জেলেকে অপহরণ করা হয়। মজনু, বড় জাহাঙ্গীর ও করিম শরীফ বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এ সময় জেলেদের একটি ট্রলার, পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামালও নিয়ে যায় দস্যুরা।
অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট, বরগুনা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন, আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদাউস (২৮), ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)। অপহরণের পর থেকেই নিখোঁজ জেলেদের পরিবার, স্থানীয় জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দস্যুদের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মহাজন জানান, অপহৃত জেলেদের মুক্তির বিষয়ে তাঁরা দস্যুদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে দাবি করা অর্থের পরিমাণ বা যোগাযোগের বিস্তারিত জানাতে রাজি হননি তাঁরা।
মহাজনদের ভাষ্য, জেলেদের মুক্তির বিষয়ে দস্যুদের সঙ্গে দর-কষাকষি চলছে। দাবি করা টাকা পরিশোধ করা হলে জেলেদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে দস্যুরা। দ্রুত মুক্তিপণ পরিশোধের জন্যও চাপ দেওয়া হচ্ছে। পরপর দুই রাতে ২১ জেলে অপহরণের ঘটনায় সুন্দরবনে মাছ ধরতে যাওয়া সাধারণ জেলেদের মধ্যেও নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দস্যু আতঙ্কে অনেকেই বনে যেতে দ্বিধা করছেন।
শরণখোলা মৎস্য আড়তের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তালুকদার বলেন, সুন্দরবনে দস্যুতা আবারও বেড়েছে। দস্যুদের উৎপাতের সময়টা তাঁদের জন্য খুবই আতঙ্কের। ঠিকমতো মাছ আহরণও করা যায় না। যেসব জেলে অপহৃত হন, তাঁদের পরিবারের সদস্যরাও ভয়ে কথা বলতে পারেন না। কারণ জেলেদের মেরে ফেলার ভয় থাকে।
তিনি বলেন, সুন্দরবনে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে তাঁদের জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়বে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে। আধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে দস্যুদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরীফুল ইসলাম বলেন, অপহৃত জেলেদের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে দলবদ্ধভাবে এবং সংশ্লিষ্ট বন অফিসের আশপাশে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন বিভাগের সব স্টেশন, টহল ফাঁড়ি ও দায়িত্বপ্রাপ্ত বনরক্ষীদের জেলেদের নিরাপত্তায় টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে মজনু, বড় জাহাঙ্গীর, করিম শরীফসহ কয়েকটি বাহিনীর নাম শোনা যাচ্ছে। এসব বাহিনীর তৎপরতা জেলে ও সুন্দরবনের জন্য হুমকিস্বরূপ। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনীর শতাধিক সদস্য কোস্টগার্ড পশ্চিম জোন ও এসআরবি, খুলনার কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় অন্তত ৫০ জন দস্যুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। দস্যু দমনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার কঠোর অবস্থান ও শূন্য সহিষ্ণুতা নীতির কথা জানালেও নতুন করে ২১ জেলে অপহরণের ঘটনায় উপকূলবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সুন্দরবন শুধু জীবিকার জায়গা নয়, উপকূলের হাজারো পরিবারের বেঁচে থাকার অবলম্বন। তাই স্বজন ও জেলেদের দাবি, অপহৃত ২১ জনকে দ্রুত উদ্ধার করার পাশাপাশি সুন্দরবনে দস্যুদের তৎপরতা বন্ধ করে নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করা হোক। এখন নিখোঁজ জেলেদের স্বজনদের একটাই অপেক্ষা—কবে ফিরবেন তাঁদের প্রিয় মানুষগুলো।
























