বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমা চোরাই পণ্য জব্দ
- আপডেট সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৯ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ২৬টি শাড়ি, একটি কম্বল, ৫০০ গ্রাম জিরা, দুটি হরলিক্স, ১ হাজার ৬৮ প্যাকেট বিস্কুট এবং ১১১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























