সেব-এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৪:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১০ বার পঠিত

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে খুলনা টাইগার গার্ডেন হোটেলে এ সভার আয়োজন করা হয়।
সেব-এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক ও ব্যবসায়িক উন্নয়নসহ চিংড়ি হ্যাচারি শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় রেড স্টার হ্যাচারির শহীদ ফারুক সাচী, নামিরা হ্যাচারির রুহুল আমিন লেনিন, মাসুম হ্যাচারির আব্দুল্লাহ আল-মাসুম, আবাবিল হ্যাচারির মোতালেব হোসেন, সাউথ বাংলা হ্যাচারির মাহফুজ ইকবাল, আল-আকসা হ্যাচারির নজরুল ইসলাম, নিউ যমুনা হ্যাচারির কাজী আমিনুল ইসলাম বাহার, জে.স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, সুন্দরবন হ্যাচারির জসীম, ন্যাশনাল হ্যাচারির শামীম, ব্লু-স্টার হ্যাচারির বাবন কান্তি দে, সী-স্টার হ্যাচারির জাকির হোসেন, পপুলার হ্যাচারির মাহবুবুর রহমান, কপোতাক্ষ হ্যাচারির শহিদুল ইসলাম ও আহছানিয়া হ্যাচারির আনারুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে হ্যাচারিগুলোর ওপর আরোপিত কর কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে হবে। বিশেষ করে সমুদ্রের জলসীমা থেকে হ্যাচারির জন্য লবণাক্ত পানি সংগ্রহের ক্ষেত্রে আরোপিত কর নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।
তারা জানান, হ্যাচারির জন্য সমুদ্র থেকে লবণাক্ত পানি সংগ্রহে আগে প্রতি লিটার ৩ পয়সা হারে কর দিতে হতো। বর্তমানে তা বেড়ে ১০ পয়সা হয়েছে। প্রতি টিপে প্রায় ৫০০ টন পানি সংগ্রহ করতে খরচ হচ্ছে ৫০ হাজার টাকা। মাসে চার থেকে পাঁচ টিপ পানি সংগ্রহ করতে আড়াই লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে বলে জানান হ্যাচারি মালিকরা।
এ অবস্থায় চিংড়ি শিল্পের স্বার্থে এ কর প্রত্যাহারের জন্য মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে বন বিভাগের কাছে দাবি জানান হ্যাচারি মালিকরা। একই সঙ্গে তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ শিল্পের জন্য হ্যাচারি মালিকরা কোনো ইনসেনটিভ বা প্রণোদনা পাননি।
সভায় হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিল ৫০ শতাংশ করার বিষয়েও আলোচনা হয়। চিংড়ি হ্যাচারি শিল্পের উন্নয়ন ও টেকসই বিকাশে সরকারের সহযোগিতা কামনা করেন বক্তারা। সভায় সেব-এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন হ্যাচারির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















