‘পাপের প্রায়শ্চিত্ত’ প্রসঙ্গ নিয়ে ফারুকীর ফেসবুক পোস্ট
- আপডেট সময় : ০৭:২২:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১০৩ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পাপের প্রায়শ্চিত্ত’ প্রসঙ্গ তুলে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে সমালোচকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে ফারুকী লেখেন, “প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে, এটা ভাবি নাই। আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না।”
তিনি আরও বলেন, “উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিল না। এদের নিয়া কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই। এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল।”
সাবেক এই উপদেষ্টা আক্ষেপ করে লেখেন, এখন সাংবাদিকরা ফোন করে বিভিন্ন ব্যক্তির মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, “অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী? বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা!”
স্ট্যাটাসের শেষাংশে ফারুকী দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যাচার ও সম্মিলিত প্রচারণাই প্রমাণ করে তিনি দায়িত্ব পালনকালে সঠিক কাজ করেছেন। তিনি লেখেন, “এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিকমত করতে পারছি। মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।”


























