পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ইঞ্জিঃ রবিউল ইসলাম
- আপডেট সময় : ০৯:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের অভয়নগরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি।
বুধবার সকালে নওয়াপাড়া ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, অভয়নগরে দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিএনপির নেতা-কর্মীদের প্রতিটি এলাকায় সতর্ক থাকতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপ ও মন্দির কমিটিগুলোকে সার্বিক সহযোগিতা দিতে হবে।
তিনি আরও বলেন, পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার আনন্দ নির্বিঘ্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, অভয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শেখর কুমার সাহা এবং সিনিয়র সহসভাপতি শংকর কুমার সিংহ।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























