আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৬০ বার পঠিত

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সরকার কোনো ধরনের দ্বিধা করবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জনস্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
এ সময় তিনি বিগত সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদান কার্যক্রমে কিছু ঘাটতি ছিল, যা বাস্তবতা। তবে বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার করেছে এবং হাম নির্মূলে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, চিকিৎসা অবহেলার অভিযোগে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না—এ মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার (৭ জুন) নোটিশের জবাব দেওয়ার জন্য আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

























