কেশবপুরে ৪২ নতুন সহকারী শিক্ষক পদায়ন
- আপডেট সময় : ০৪:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ২২০ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ৪২ জন সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে। ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ নির্বাচিত হয়ে গত ১ অক্টোবর যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানকারী এসব শিক্ষককে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়।
রোববার (১৮ অক্টোবর) যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা এক আদেশে এ পদায়নের তথ্য জানানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা জি এম আলমগীর কবির স্বাক্ষরিত ওই আদেশে পদায়নপ্রাপ্ত শিক্ষকদের নির্ধারিত বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ে এসব নতুন শিক্ষককে পদায়ন করা হয়েছে। পদায়নপ্রাপ্ত শিক্ষকদের সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ৪২ জন সহকারী শিক্ষক যোগদান করেছেন।
নতুন শিক্ষকদের যোগদানের ফলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষকসংকট নিরসন, শিক্ষার্থীদের পাঠদানের মান উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে এ পদায়ন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























