অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
- আপডেট সময় : ০৬:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৪৭ বার পঠিত

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি তরুণদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তরুণ অংশ নেন।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যক্তিগত জীবন গঠন, শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তরুণদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমেই নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হওয়া জরুরি। শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, জাতি তথা উম্মাহর বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর অবদান রাখা যায়।
ডা. শফিকুর রহমান বলেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব ও সম্ভাবনার গুরুত্বপূর্ণ শক্তি। তাই সময়ের যথাযথ ব্যবহার, জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক চরিত্র গঠনে প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তোলার মধ্য দিয়েই বৃহত্তর সমাজ ও জাতির জন্য কাজ করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
মতবিনিময় সভায় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তরুণরা বিরোধীদলীয় নেতার কাছে প্রশ্ন করেন। তিনি তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবন গঠন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

























