নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ বিমানমন্ত্রীর
আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
- আপডেট সময় : ০৭:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৪১ বার পঠিত

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণবিষয়ক প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি জানান, সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের কার্যক্রম আংশিকভাবে শুরু হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন (অ্যারাইভাল) ও দুটি বহির্গমন (ডিপারচার) ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম চালু করা হবে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্ত্রী আরও বলেন, তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছাতে সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের পরিশ্রম ও প্রচেষ্টা রয়েছে। এখন সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সব অংশীজনের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

























