১৫ বছরেই বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ফিফটির মালিক বৈভব সূর্যবংশী
- আপডেট সময় : ১০:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতক হাঁকিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) হারারেতে অনুষ্ঠিত ম্যাচে ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন সূর্যবংশী। মাত্র ১৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ঝড়ো গতিতে পূর্ণ করেন অর্ধশতক। তার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেই ভারত ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়, হাতে থাকে আরও ৪০ বল। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এটি ভারতের প্রথম জয়।
এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি করার আগের বিশ্বরেকর্ডটি ভেঙে দেন সূর্যবংশী। এতদিন রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার দখলে। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে অর্ধশতক করেছিলেন।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা অবশ্য খুব একটা উজ্জ্বল ছিল না সূর্যবংশীর। গত ৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি করেছিলেন ১৪ রান। এরপরের দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১৩ ও ১৫ রান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিজের প্রতিভার ঝলক দেখালেন এই কিশোর।
শুধু বিশ্বরেকর্ডই নয়, ভারতের হয়েও সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতক করার নতুন রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। এর আগে এই কীর্তি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ৫৯ রান করার সময় শচীনের বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন। প্রায় ৩৭ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ভারতের এই বিস্ময়কর তরুণ ব্যাটার।

























