বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি
জনসাধারণকে সতর্ক করলেন ওসি শহীদ তিতুমীর
- আপডেট সময় : ০৯:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ৫৪ বার পঠিত

যশোরের বেনাপোলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। থানার আওতাধীন এলাকায় দুটি পুলিশ বক্স নির্মাণের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে। এ ঘটনায় প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহভাজন একটি ফোন নম্বর শনাক্ত করেছে পুলিশ। এদিকে, ওই নম্বর থেকে ফোন পেয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছেন ওসি।
অভিযোগ অনুযায়ী, ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে ফোন করে নিজেকে বেনাপোল পোর্ট থানার ওসি পরিচয় দিয়ে দুটি পুলিশ বক্স নির্মাণের জন্য আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে। বিষয়টি ওসি মুহম্মদ শহীদ তিতুমীরের নজরে আসার পর তিনি এলাকাবাসীকে সতর্ক করেন।
ওসি জানান, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন দেওয়ার বিষয়টি জানতে পারেন। ফোনকারী পুলিশ বক্স নির্মাণের কথা বলে অর্থ দাবি করছেন বলে তিনি অবগত হয়েছেন।
তিনি বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক সহায়তা চাইলে যাচাই না করে কোনো টাকা দেওয়া যাবে না। বিশেষ করে ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে ফোন এলে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর আরও জানান, নম্বরটি কে বা কারা ব্যবহার করছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে পুলিশের পরিচয়ে অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর সিদ্ধান্ত নিতে হবে।
পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার এ ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেনাপোল পোর্ট থানা।
























