ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা
- আপডেট সময় : ০১:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচিতি, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের (রাঙ্গাপাজাপ) এনেক্স ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হক এবং জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনডিপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সামনে ইউএনডিপি এবং জেলা পরিষদের মাধ্যমে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি, নির্ধারিত লক্ষ্য, বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করা, স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমানের ইতিবাচক পরিবর্তনে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
























