ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন
- আপডেট সময় : ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৪৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন এবং অধিকাংশই ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পেন্টাগনের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা আহত হওয়ার তথ্য গোপন করার অভিযোগ অস্বীকার করে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, “আহতদের সিংহভাগই কেবল সামান্য আঘাত পেয়েছেন এবং ৯৬ শতাংশ ইতোমধ্যে কাজে ফিরেছেন।”
পেন্টাগন আরও জানায়, জর্ডানে ইরানি হামলায় আরও দুই মার্কিন সেনা নিহত হয়েছেন।
এদিকে, ১৯ জুলাই জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে নিহত ওই দুই সেনার বিষয়ে মন্তব্য করেন। তবে আহত ও নিহত সেনাদের পরিচয় বা হামলার বিস্তারিত বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
























