উজানের ঢলে পানির চাপ, খুলে দেওয়া হলো মুহুরীর ৪০ গেট
- আপডেট সময় : ১০:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৬০ বার পঠিত

পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম মুহুরী সেচ প্রকল্পের সবগুলো জলকপাট (রেগুলেটর গেট) খুলে দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অতিরিক্ত পানি দ্রুত বঙ্গোপসাগরে নিষ্কাশনের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাউবো জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ পানি নিয়ন্ত্রণ অবকাঠামো হিসেবে মুহুরী সেচ প্রকল্প মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অতিরিক্ত পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা উজানের পানির চাপ মোকাবিলায় বর্তমানে প্রকল্পটির ৪০টি রেগুলেটর গেটই সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। এর ফলে ফেনী নদীর পানির স্তর এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, উজান থেকে নেমে আসা পানির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সবগুলো গেট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। জোয়ারের সময় ছাড়া সারাদিনই পানি নিষ্কাশন হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে চকরিয়া উপজেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও মাতামুহুরী উপজেলার বাসিন্দা সাংবাদিক আলাউদ্দিন আলো জানান, বিকেল ৩টা থেকে বেতুয়া বাজার বিল, কোনাখালী খাল, কোনাখালী-২ বাঁধের স্লুইসগেট, কোনাখালী বাংলা বাজারসংলগ্ন দুটি মাছের প্রজেক্টের নাশি এবং ঢেমুশিয়া ক্রসডেম-৫-এর স্লুইসগেটসহ মাতামুহুরী উপজেলার অধিকাংশ স্লুইসগেট খোলা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এভাবে গেটগুলো খোলা থাকলে রাতের মধ্যেই জমে থাকা অধিকাংশ পানি নেমে যাবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, বঙ্গোপসাগরে জোয়ারের সময় যাতে উল্টো স্রোতে নদীপথে পানি প্রবেশ করতে না পারে, সে জন্য নিয়ম অনুযায়ী প্রতিদিন গড়ে দুইবার প্রায় দুই ঘণ্টার জন্য গেটগুলো বন্ধ রাখা হয়। জোয়ারের সময় ছাড়া বাকি পুরো সময় গেট খোলা রেখে পানি নিষ্কাশন অব্যাহত রাখা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছরে শুরু হয়ে ১৯৮৫-৮৬ অর্থবছরে সোনাগাজী উপজেলায় মুহুরী সেচ প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হয়। ফেনী, মুহুরী ও কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহে নির্মিত ৪০ ফোক্টবিশিষ্ট এ পানি নিয়ন্ত্রণ কাঠামোটি সিডা, ইইসি ও বিশ্বব্যাংকের অর্থায়নে জাপানের সিমুজু কোম্পানি প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার একাংশে বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ এবং আমন চাষে সেচ সুবিধা নিশ্চিত করা। বর্তমানে এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২০ হাজার ১৯৪ হেক্টর জমিতে সরাসরি এবং ২৭ হাজার ১২৫ হেক্টর জমিতে সম্পূরক সেচ সুবিধা দেওয়া হচ্ছে।
























