
ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৪১ রানের জয় তুলে নেয় সফরকারীরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে শাদাব খানের লড়াকু ইনিংস সত্ত্বেও ১৯০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ন্যাথান এলিস। ক্যারিয়ারসেরা বোলিং করে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচে দুটির বেশি উইকেট নিলেন ৩১ বছর বয়সী এই পেসার। তার পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও ওঠে। এলিসকে দারুণ সমর্থন দেন স্পিনাররা। ম্যাথু শর্ট ৩ উইকেট নেন, আর অ্যাডাম জ্যাম্পা, তানভির স্যাঙ্ঘা ও ম্যাথু কুনেমান একটি করে উইকেট ভাগাভাগি করে নেন।
ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। ইংলিস ৫১ এবং গ্রিন ৫৩ রান করে ইনিংস মেরামত করেন। পরে ম্যাট রেনশর ৪৩ ও অলিভার পিকের ৩১ রানের ইনিংসে ভর করে ২৩১ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনি ৩ উইকেট নেন। আরাফাত মিনহাস ও হারিস রউফ নেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ার পর বাবর আজমও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় স্বাগতিকরা।
এরপর ঘাজি ঘোরি ও শাদাব খান কিছুটা প্রতিরোধ গড়েন। ঘোরি ৩৭ রান করে আউট হলেও শাদাব শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। প্রায় চার বছর পর ওয়ানডেতে ফিফটির দেখা পাওয়া এই অলরাউন্ডার ১০৪ বলে ৭১ রান করেন। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তার ইনিংসও দলকে জয়ের পথে নিতে পারেনি। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, একই মাঠে।


























