ওয়ার্ক পারমিটে বড় সংস্কার এনেছে সংযুক্ত আরব আমিরাত
- আপডেট সময় : ০৯:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৬১ বার পঠিত

কর্মসংস্থানের সুযোগ আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সোমবার জারি করা এক পরিপত্রে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। নতুন সংস্কারের ফলে ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে, প্রশাসনিক জটিলতা কমবে এবং ডিজিটাল সেবার পরিধি বাড়বে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে নিয়োগকর্তা ও কর্মী—উভয় পক্ষই দ্রুত ও কম খরচে সেবা নিতে পারবেন। একই সঙ্গে সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত একটি অনলাইন জনপরামর্শ কর্মসূচি চালু রাখা হয়েছে। এতে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ব্যবস্থার ওপর মতামত ও প্রস্তাব দিতে পারবেন। বিশেষ করে ওয়ার্ক পারমিট অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্ত কমানোর বিষয়ে মতামত গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই সংস্কার দেশটির ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি’ কর্মসূচির অংশ। এর আওতায় অনেক ক্ষেত্রে সহায়ক নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। কিছু পারমিটের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংস্কারের ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় দীর্ঘদিনের জটিলতা অনেকটাই কমে আসবে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগ, নিয়োগকর্তা পরিবর্তন, পার্ট-টাইম কাজ, ফ্রিল্যান্স পারমিট, গৃহকর্মীদের জন্য পৃথক পারমিট, শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কর্মসংস্থানসহ বিভিন্ন ধরনের সুযোগ।
























