কয়রায় বিদ্যালয়ের ভবন ধস: পাঠদানে অনিশ্চয়তা
- আপডেট সময় : ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৪৯ বার পঠিত

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গাজী আবদুল জব্বার হাইস্কুল অ্যান্ড কলেজের ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ছাদসহ সামনের অংশ ধসে পড়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভবনে শিক্ষক-শিক্ষার্থী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। তবে ভবনটি ধসে পড়ায় পাঠদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত গাজী আবদুল জব্বার হাইস্কুল অ্যান্ড কলেজ উপকূলীয় অঞ্চলের অন্যতম পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০০০ সালে নির্মিত দুইতলা একাডেমিক ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের ছাদ ও পিলারে বড় বড় ফাটল, খসে পড়া পলেস্তারা এবং বেরিয়ে আসা রড নিয়ে বহুদিন ধরেই উদ্বেগ ছিল। বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে পানি পড়ত। কলেজ শাখার পাঠদান পাশের একতলা ভবনে পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল হায়দার জানান, শুক্রবার বিকেলে ভবনের দ্বিতীয় তলার ছাদসহ সামনের অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। ছুটির দিন হওয়ায় তখন ভবনে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় আইলা, ইয়াস ও রিমালের সময় লবণাক্ত পানিতে বারবার প্লাবিত হওয়ায় ভবনের কাঠামো দুর্বল হয়ে পড়ে। পরে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও শ্রেণিকক্ষের সংকটের কারণে সেখানে পাঠদান চালিয়ে যেতে হয়েছে।
বিদ্যালয়ের মাধ্যমিক শাখার শিক্ষক রবিউল ইসলাম বলেন, বর্তমানে মাধ্যমিক শাখায় ২৩০ জন শিক্ষার্থী, ১৯ জন শিক্ষক এবং পাঁচজন কর্মচারী রয়েছেন। ভবন ধসে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের চরম ভোগান্তিতে পড়তে হবে।
কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ভবন ধসের ঘটনার পর বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করা হবে।
খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠানটির নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য চলতি বছর পুনরায় দরপত্র সম্পন্ন হয়েছে। যদিও প্রকল্পটি ২০১৭-১৮ অর্থবছরে অনুমোদন পেয়েছিল, এলাকার মাটির স্তরসংক্রান্ত জটিলতার কারণে নকশা ও কারিগরি বিষয় একাধিকবার পুনর্বিবেচনা করতে হয়েছে।
খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ধনঞ্জয় মিস্ত্রী বলেন, প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে পর্যায়ক্রমে চারতলা পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। পাশাপাশি পাঠদান সচল রাখতে দুটি টিনশেড ভবন নির্মাণেরও বরাদ্দ রয়েছে।
তিনি জানান, এখনও কার্যাদেশ জারি হয়নি। কার্যাদেশ জারির পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে নির্মাণকাজ শুরু হবে।
























