কলাবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে ৫জন গুলিবিদ্ধসহ আহত ৮
- আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বুধবার সকালে চরকান্দিপাড়ায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হন বলে জানা গেছে।
তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে গুলিবিদ্ধদের মধ্যে ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখের নাম জানা গেছে।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা গুলিতে আহত হয়েছেন কি না। চিকিৎসক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়া কী ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

























