৫ ইউনিটে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৮:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৬০ বার পঠিত

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি সরাসরি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালিয়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে উঁচুতে তোলা হয়। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ১০টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএল (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হ্রদের পানি বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু রাখা হয়েছে। এসব ইউনিট থেকে গড়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাশাপাশি টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নিষ্কাশন করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে স্পিলওয়ের জলকপাট খুলে পানি ছাড়ার সম্ভাবনার বিষয়ে আগাম সতর্কবার্তা দেয়। নদীতীরবর্তী এলাকার বাসিন্দা ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
জলকপাট খুলে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর নিম্ন অববাহিকা, তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। হ্রদের পানির উচ্চতা আরও বাড়লে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে জলকপাট আরও বেশি খুলে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
শনিবার দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে জলকপাট দিয়ে পানি ছাড়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে নদীতীরবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামসহ কাপ্তাই পিডিবি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক নজরে কাপ্তাই হ্রদের বর্তমান পরিস্থিতি: বর্তমান পানির উচ্চতা: ১০৪.০৮ ফুট এমএসএল, সর্বোচ্চ ধারণক্ষমতা: ১০৯ ফুট এমএসএল, খোলা জলকপাট: ১৬টি (প্রতিটি ৬ ইঞ্চি), জলকপাট দিয়ে পানি নিষ্কাশন: প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক, টারবাইন দিয়ে পানি নিষ্কাশন: প্রতি সেকেন্ডে ৩২,০০০ কিউসেক, বিদ্যুৎ উৎপাদন: ২২২ মেগাওয়াট (৫টি ইউনিট সচল)
























