কারবালা কবরস্থানে মরদেহ দাফনে বাধা, স্বজনদের মধ্যে হাতাহাতি
- আপডেট সময় : ১০:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১২ বার পঠিত

যশোর শহরের কারবালা কবরস্থানে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সিতারামপুর গ্রামের বাসিন্দা মরহুম আবুল কালাম আজাদের দাফনকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম আজাদের মরদেহ দাফনের প্রস্তুতির সময় তাঁর ভাগনী মাসুমার স্বজনেরা কবরস্থানে এসে দাফনে বাধা দেন। তাঁদের দাবি, পারিবারিক সম্পত্তির অংশ থেকে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে। এ নিয়ে দাফনস্থলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তবে মৃতের অন্য স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, যে জমি নিয়ে বিরোধ তৈরি হয়েছে, সেটি আবুল কালাম আজাদ নিজেই নিলামের মাধ্যমে কিনেছিলেন। এ ছাড়া তাঁদের পৈতৃক সম্পত্তি আগেই ভাই-বোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে।
এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কবরস্থানে উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে উভয় পক্ষকে শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একপর্যায়ে দাফনে বাধা দেওয়া পক্ষ কবরস্থান থেকে চলে গেলে আবুল কালাম আজাদের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
মরদেহ দাফনকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা বলেন, জমি বা সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগত প্রক্রিয়া কিংবা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু একজন মৃত ব্যক্তির দাফন আটকে দিয়ে এমন হট্টগোল সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক।





















