কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকদের সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশ্বাস নওশের আলীকে সভাপতি, মল্লিক মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রাজিব সাহাকে কোষাধ্যক্ষ করে ১২ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কালিয়া ও নড়াগাতী এলাকার জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নড়াগাতী থানার ইটভাটা মালিক সমিতির সদস্য বিশ্বাস নওশের আলী। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজাউল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. কুশল। সভা পরিচালনা করেন কালিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির মল্লিক মো. মনিরুল ইসলাম।
সভায় সংগঠনের কার্যক্রম, ইটভাটা পরিচালনায় জ্বালানি ব্যবহারের ধরন এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ইট উৎপাদনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিশ্বাস নওশের আলী সভাপতি, মল্লিক মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং রাজিব সাহা কোষাধ্যক্ষ নির্বাচিত হন। কমিটিতে আরও সদস্য রাখা হয়েছে।
সভায় নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রেখে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত এবং জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে ইট উৎপাদনকারী ভাটার মালিকদের নিয়ে এ সমিতির কার্যক্রম পরিচালিত হবে। কয়লা ছাড়া অন্য জ্বালানি ব্যবহারকারী ইটভাটা মালিকদের এ সংগঠনের অন্তর্ভুক্ত করা হবে না বলেও সভায় জানানো হয়।
বক্তারা বলেন, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি নীতিমালা অনুসরণের বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের ফলে গাছপালা নিধন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাবের বিষয়টি সভায় গুরুত্ব পায়।
তারা সরকারি সবুজ বনায়ন কর্মসূচির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গাছপালা উজাড় করে কাঠ জ্বালানি ব্যবহারকারী ব্যারেল ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
নতুন কমিটির নেতারা আশা প্রকাশ করেন, সংগঠনের মাধ্যমে জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও বাড়বে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরি হবে।























