
নড়াইলের কালিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা মন্দিরের সেবায়েতকে প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাশ বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত মহাশ্মশানে প্রবেশ করে। এ সময় তারা সেবায়েতের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জবাইয়ের হুমকি দেয়। পরে মন্দিরে থাকা ক্যাশ বাক্স এবং প্রতিমার স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানে সংঘটিত ডাকাতির ঘটনা নয়; বরং সামাজিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও উদ্বেগজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তাদের মতে, কালিয়া দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। তাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
























