কেশবপুরে বিএনপি নেতা শহীদ আবু বকর আবুর স্মরণসভা
- আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৭০ বার পঠিত

যশোরের কেশবপুরে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপির দীর্ঘ ১৯ বছরের সভাপতি এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২২ নভেম্বর বিকেলে কেশবপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী।
স্মরণসভায় বক্তব্য দেন শহীদ আবু বকর আবুর সহোদর ভাই আবুল কাশেম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আজিজুর রহমান, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আশরাফ উজ জামান খান, সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা বিএনপি নেতা আব্দুল গফুর এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক সময়ের খবরের প্রতিনিধি মেহেদী হাসান জাহিদ প্রমুখ।
বক্তারা শহীদ আবু বকর আবুর রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাংগঠনিক অবদান ও জনসম্পৃক্ততার স্মৃতিচারণ করেন। তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠান শেষে শহীদ আবু বকর আবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেশবপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

























