কোথায় হবে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ
- আপডেট সময় : ১০:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১৩ বার পঠিত

ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জন জোরালো হলেও, আপাতত জাতীয় দল ছাড়ছেন না আর্জেন্টিনার অধিনায়ক। বরং আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলে দেশের মাটিতেই বিদায়ী ম্যাচ খেলতে পারেন এই ফুটবল মহাতারকা।
আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেসিকে সম্মান জানাতে বিশেষ একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিদায়ী ম্যাচের ঘোষণা আগেভাগেই দেওয়া হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা এসে তাদের প্রিয় অধিনায়ককে শেষবারের মতো মাঠে দেখতে পারেন। এএফএর লক্ষ্য, মেসির মতো কিংবদন্তিকে মর্যাদাপূর্ণ ও স্মরণীয় বিদায় জানানো।
দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মেসি। তার নেতৃত্বে ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।
জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও মেসির দখলে। ফলে তার বিদায় আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে উঠবে বলেই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। তবে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।




















