খুলনায় সিটি কর্পোরেশন ও বিকাশের যৌথ বনায়ন কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

খুলনায় পরিবেশ সংরক্ষণ, নগরীর সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খুলনা সিটি কর্পোরেশন ও বিকাশের যৌথ উদ্যোগে বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। এতে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেককে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খুলনাকে আরও সবুজ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরীর পরিবেশ রক্ষায় খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বনায়ন কর্মসূচির মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করা হচ্ছে।
তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
























