গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন আনসার মোতায়েন
- আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পঠিত

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়। মোতায়েন করা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
আনসার ব্যাটালিয়নের সদস্যরা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাহিনীটি।
এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা সুরক্ষায় বাহিনীর সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

























