গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে রুমিন ফারহানার অভিযোগ
- আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৫৩ বার পঠিত

গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, “আমরা লোডশেডিং বলি আর মেরামত সেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা।” তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পূর্বে সংসদে আশ্বাস দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি। এ সময় তিনি জানতে চান, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, “উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এ জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালু রাখতে হচ্ছে এবং সেই কারণে তার ওখানে আমরা সংযোগ দিতে পারছি না।”
তিনি আরও জানান, গত ১৭ বছরে কোনো নতুন গ্যাস কূপ খনন করা হয়নি বলে দাবি করে বর্তমান সরকার নতুন করে ড্রিলিং কার্যক্রম শুরু করেছে। ভবিষ্যতে গ্যাসের সরবরাহ বাড়লে আশুগঞ্জ সার কারখানাসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে সংযোগ দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রীর বক্তব্যের পর সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি।”
একই সঙ্গে ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও বাস্তবতা বিবেচনার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবসম্মত ও দায়িত্বশীল হওয়া উচিত।






















