চার নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- আপডেট সময় : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ২৮ বার পঠিত

বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানিয়েছেন।
সাক্ষাৎকারী চার নেতা হলেন—বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেখানে তাঁরা পুষ্পমাল্য অর্পণ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহকে মনোনীত করেন।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপি আশা প্রকাশ করেছে, তাঁদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁরা অবদান রাখবেন।






















