
যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৫ জুন) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া এলাকার মৃত নওশের আলী মোড়লের ছেলে মো. বাবলুর রহমান এবং একই থানার বড় আঁচড়া মাঠপাড়া এলাকার মো. নুরুজ্জামান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি টয়োটা এক্স করোলা মডেলের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে গাড়িটির ড্যাশবোর্ড ও রানিং বোর্ডে বিশেষভাবে তৈরি গোপন বক্সের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।





















