ডিসেম্বর থেকে আ’লীগকে সঙ্গে নিয়ে মাঠে নামবে জামায়াত: রাশেদ খান
- আপডেট সময় : ০১:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৪ বার পঠিত

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করার পর ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী মাঠে নামতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে রাশেদ খান জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, ‘বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি’—জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমন মন্তব্য করেছেন।
রাশেদ খান দাবি করেন, তিনি আগেই বলেছিলেন ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, ‘সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত।’ তাঁর দাবি, তাহেরের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের রক্তের মূল্য জামায়াতের কাছে নেই।
স্ট্যাটাসে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করেন এবং আওয়ামী লীগের অপরাধকে ‘নরমালাইজ’ করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন।
রাশেদ খান আরও দাবি করেন, গত ১৬ বছর জামায়াত আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল। এ কারণে আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে খারাপ আচরণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসের শেষ দিকে এনসিপির নেতা নাহিদ ইসলামের সমালোচনা করে রাশেদ খান লেখেন, এসব কর্মকাণ্ডের পাশে দাঁড়িয়ে তিনি তা উপভোগ করছেন।
তবে রাশেদ খানের এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে দেওয়া রাজনৈতিক মন্তব্য ও অভিযোগ। এসব অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।






















