তুরস্কের সহযোগিতায় বগুড়ায় গড়বে ড্রোন কারখানা
- আপডেট সময় : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ৫৬ বার পঠিত

তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে ড্রোন তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বগুড়ায় নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই এই কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে ড্রোন তৈরির কারখানা নির্মাণ করা হবে।
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসুদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
মীর শাহে আলম বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে।
তিনি আরও জানান, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে মোতায়েন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও সময়ের চাহিদা অনুযায়ী এর আধুনিকায়ন প্রয়োজন। অতীতেও বিমানবন্দর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
সংশ্লিষ্টদের মতে, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি এবং ড্রোন তৈরির কারখানা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বিমান চলাচলের সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
























