বাতিলের দাবিতে জামায়াতের ৫ এমপির সংবাদ সম্মেলন
যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ
- আপডেট সময় : ০১:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোরে সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য।
তাঁদের অভিযোগ, প্রকৃত ও যোগ্য সার ব্যবসায়ীদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাব এবং অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এ নিয়োগ বাতিল করে সরকারি নীতিমালা অনুসরণে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
পাঁচ সংসদ সদস্যের পক্ষে দেওয়া লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
লিখিত বক্তব্যে বলা হয়, সারা দেশের মতো যশোরের ১৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রেও দলীয়করণ ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা পর্যায়ের সরকারি দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাদের সহায়তায় অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ডিলার লাইসেন্স পেয়েছেন বলে দাবি করেন সংসদ সদস্যরা। এতে প্রকৃত সার ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তাঁদের।
সংসদ সদস্যদের অভিযোগ, যশোরের পাঁচটি সংসদীয় আসনে বিরোধী দলের প্রতিনিধি থাকলেও সার ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁদের পরামর্শ ও সুপারিশ উপেক্ষা করা হয়েছে। জেলা প্রশাসক সরকারি দলের দেওয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় সততা, দক্ষতা ও পেশাদারত্বের যথাযথ মূল্যায়ন হয়নি।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাদকসংক্রান্ত ঘটনায় আটক ব্যক্তির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। তবে এসব অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম কিংবা সুনির্দিষ্ট প্রমাণ লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়নি।
সার ও বীজ মনিটরিং কমিটি গঠন নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন সংসদ সদস্যরা। তাঁদের ভাষ্য, প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সামাজিক, কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার নির্দেশনা থাকলেও তাঁদের কোনো পরামর্শ নেওয়া হয়নি। বরং জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
এ ধরনের নিয়োগ প্রক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাঁচ সংসদ সদস্য সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতার ভিত্তিতে সৎ, দক্ষ ও যোগ্য ব্যবসায়ীদের নতুন করে সার ডিলার হিসেবে নিয়োগের আহ্বান জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ কিংবা বিএনপির কোনো বক্তব্য লিখিত বিবৃতিতে উল্লেখ করা হয়নি।























